মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) কে এম নুরুল হুদা। একই সাথে দেশের দুইজন প্রতিমন্ত্রীও এই টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেন তারা।
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সময় টিকা নিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
টিকা নেওয়ার পর খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। সেই সাথে সবাইকে সচেতন হতে হবে। শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো যাবে না। নিজ থেকে সবাইকে সচেতন হতে হবে।
একই সময় প্রথম দিকে সুরক্ষা অ্যাপে সমস্যা হলেও এখন আর কোনো সমস্যা হবে না বলেও দাবি করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অন্যদিকে, করোনা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।